পিরোজপুরের ইন্দুরকানীতে ছাত্রদলনেতাসহ ১২ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাত ১১ টার দিকে উপজেলার চন্ডিপুর ইউনিয়নে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। আজ বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
গ্রেপ্তারকৃতরা হলেন- চন্ডিপুর কেসি টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট টেকনোলজি কলেজ ছাত্রদলের সহ-সভাপতি ও কলারণ গ্রামের নজরুল খলিফার ছেলে মো. সিফাত ইসলাম (১৯), একই গ্রামের নুর মোহাম্মদের ছেলে মো. নাঈম (২২) এবং মোনাঈম খানের ছেলে ফেরদৌস খান (২০)।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, ইন্দুরকানী থানার এসআই ইসমাইলের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে চন্ডিপুর এলাকায় অভিযান চালায়। এসময় নাঈমের বাড়ির সামনে থেকে তাদের আটকের সময় নাঈমের কাছ থেকে ৮ পিস, সিফাত ইসলামের কাছ থেকে ২ পিস এবং ফেরদৌস খানের কাছ থেকে ২ পিসসহ মোট ১২ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এ ধরনের অভিযান চলমান থাকবে।
